‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ বুধবার (৭ মার্চ) হঠাৎ-ই ফেসবুক লাইভে আসেন। মুখোশ পরা নওশাবার সাথে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় আরও বেশ কয়েকজন মুখোশ পরিহিত মানুষকে।
লাইভে এসে নওশাবা জানান, ঢাকায় জাতিসংঘের অফিসের সামনে তাঁরা দাঁড়িয়েছেন বেশ কিছু বার্তা নিয়ে। সে সব বার্তাযুক্ত প্ল্যাকার্ডগুলো পড়েও শোনান নওশাবা।
তাদের মূল বার্তা গুলোর মধ্যে ছিল – ‘প্রথমে আমি মানুষ, তারপর আমি খ্রিস্টান’, ‘প্রথমে আমি মানুষ, তারপর আমি মুসলমান’, ‘প্রথমে আমি মানুষ, তারপর আমি হিন্দু’, ‘প্রথমে আমি মানুষ, তারপর আমি বৌদ্ধ’, ‘সিরিয়ার নিরীহ মানুষকে মারা বন্ধ কর, যুদ্ধের সাথে ওদের সম্পর্ক নেই’, ‘তুমি যদি ভালবাসতে না পার, তবে অদৃশ্য ঈশ্বরকে কীভাবে ভালবাসবে’।
নওশাবা ও তার বন্ধুরা ‘বন্ধু পুতুল’ তৈরি করেছেন সিরিয়া ও ইয়েমেনের শিশুদের কাছে পৌঁছে দেয়ার জন্য। ৭ই মার্চের ইতিহাসকে সামনে রেখে তারা সবাইকে উদ্বুদ্ধ করতে চাচ্ছেন সিরিয়ার যুদ্ধ বন্ধ করার জন্য। শান্তির ডাক দিয়ে পৃথিবীটাকে জাতি-ধর্ম নির্বিশেষে সুখী দেখতে চান তারা।








