বিনোদন

মুক্তি পেল শতবর্ষীয়ান অমিতাভের ‘১০২ নট আউট’!

মুক্তি পেল শতবর্ষীয়ান অমিতাভের ‘১০২ নট আউট’!

অবশেষে মুক্তি পেল উমেশ শুক্লা পরিচালিত এবং অমিতাভ বচ্চন ও ঋষি কাপুর অভিনীত ছবি ‘১০২ নট আউট’। সিনেমাটির কাহিনী এক বৃদ্ধ বাবা ও তার বৃদ্ধ ছেলেকে নিয়ে। বাবা ও ছেলের ব্যতিক্রমধর্মী গল্প নিয়ে নির্মিত এই ছবিতে অমিতাভ আছেন বাবা হিসেবে আর তার ছেলের চরিত্রে অভিনয় করেছেন ঋষি কাপুর!

এ ছবিতে ১০২ বছর বয়সী একজন বৃদ্ধের ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। আর তার ছেলে ভূমিকায় ঋষি কাপুরের বয়স দেখানো হয়েছে ৭৫ বছর। কিন্ত অমিতাভের বয়স বেশি হওয়া সত্বেও তিনি পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে রেকর্ড সৃষ্টি করতে চান। বয়স হলেও নিজেকে সতেজ-সজীব প্রাণের মানুষ ভাবতে চান তিনি, সেভাবে জীবনযাপন করেন।

ছবিতে অমিতাভের চরিত্রের নাম দত্তত্রেয় ভাখারিয়া এবং বাবুলালের চরিত্রে অভিনয় করেছেন ঋষি কাপুর।

সম্প্রতি ছবির ‘কুলফি’ নামের একটি গান প্রকাশিত হয়। গানটি শুরু হয় অমিতাভের একটি ডায়ালগ দিয়ে। যেখানে অমিতাভ বলেন, ‘যখন সন্তানরা অপদার্থ হয়ে যায়, তখন তাদের ভুলে যাওয়া উচিত। মনে রাখা উচিত শুধু তাদের ছেলেবেলাকে। ‘

অর্থাৎ পিতা পুত্রের মধ্যে ভুল বোঝাবুঝির ইঙ্গিত পাওয়া যায়। দত্তত্রেয় চান তার ছেলেকে হাসিখুশি দেখতে। কিন্তু ছেলে বাবুলাল নিজের মতো বোরিং, খিটখিটে এক বৃদ্ধ হয়েই বাকি জীবনটা কাটাতে চান। একসময় বাবুলালকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন দত্তত্রেয়। কারণ বদমেজাজি বাবুলাল দত্তত্রেয়ের বিশ্বের প্রবীণতম মানুষ হয়ে উঠতে বাধা হতে পারেন।

সিনেমাটির ট্রেলার প্রকাশ্যে আসার পরই তুমুল শোরগোল পড়ে যায় ‘১০২ নট আউট’ ছবিটি নিয়ে। কারণটা অবশ্যই দুই হাই প্রোফাইল অভিনেতার একই সঙ্গে পর্দায় আগমন। ‘কাভি কাভি’, ‘আজুবা’, ‘ওমর আকবর অ্যান্টনি’র মতো বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন অমিতাভ-ঋষি। দীর্ঘ ২৭ বছর পর ফের বড় পর্দায় একসঙ্গে দেখা গেল এ দুই অভিনেতাকে।

এদিকে সম্প্রতি ‘১০২ নট আউট’ ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন অমিতাভের শাশুড়ি ইন্দিরা ভাদুড়ি, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, রণবীর কাপুর, রণবীরের মা নিতু কাপুর, হেমা মালিনী, রেখা, ডেভিড ধাওয়ানসহ অনেকে।

বিষয়:অমিতাভ ঋষি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…