অবশেষে শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের পক্ষাঘাতগ্রস্থ মুক্তিযোদ্ধা আবু ছাইদ মন্টুর ছেলেকে নতুন হুইল চেয়ার কিনে দিলেন শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার শামীম আহমেদ। রোববার সকালে চ্যানেলআইঅনলাইনে ‘মুক্তিযোদ্ধা মন্টুর চাই একটা হুইল চেয়ার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে তার দুরবস্থার চিত্রটি গোচরে আসে অনেকের। আর এর প্রেক্ষিতেই সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামানকে সাথে নিয়ে ইউএনও এক মহতী দৃষ্টান্তই স্থাপন করলেন।
শাহজাদপুর ইউএনও শামীম আহমেদ মুক্তিযোদ্ধা আবু সাইদ মন্টুর বাড়িতে গিয়ে শারীরিক প্রতিবন্ধী জাকরিয়াকে একটি হুইল চেয়ার এবং তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন। মুক্তিযোদ্ধা পরিবারকে সব ধরনের সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি।
এ সময় প্রতিবন্ধির মা ও বাবা আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, এখনও দেশে ভালো মানুষ আছে বলেই গরীবেরা বেঁচে আছে।
শাহজাদপুর থেকে ১০ কি.মি দূরে পল্লী অঞ্চল খুকনী গ্রামে ইউএনও ও সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতি এলাকার মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
মুক্তিযোদ্ধা পরিবারটিকে হুইল চেয়ার দেওয়ায় মহতী নিদর্শন প্রতিষ্ঠার জন্য ইউএনওকে এক নজর দেখার জন্য গ্রামের মানুষ ভিড় জমায়। গ্রামবাসী জানান, নিভৃত পল্লী অঞ্চল এই এলাকায় নিজের কাজকর্ম ফেলে রেখে এই অসহায় মানুষের পাশে দাড়ানো এমন মানুষ খুব কমই আছে আমাদের দেশে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন খুকনী আর্দশ শিশু নিকেতন এর চেয়ারম্যান আবু তালহা।






