‘বিদেশে বড় হয়ে ওঠা এক তরুণী বাবা-মায়ের সাথে দেশে এসে সরাসরি একজন মুক্তিযোদ্ধাকে দেখার ইচ্ছে পোষণ করে। যুদ্ধ করে দেশ স্বাধীন করার জন্য তাকে কৃতজ্ঞতা জানাতে চায়।
ঘটনাক্রমে মেয়েটি তার এক বান্ধবীর সাথে গ্রামে যায়। সেখানেই দেখা হয় একজন মুক্তিযোদ্ধার সাথে। তারপর ঘটতে থাকে একের পর এক বিব্রতকর ও বিস্ময়কর নানা ঘটনা।’
এমনই এক গল্পে নির্মিত হয়েছেন বিজয় দিবসের নাটক ‘একটি কৃতজ্ঞতাপত্র’। মহান মুক্তিযুদ্ধের গল্পকে কেন্দ্র করে নাটকটি লিখেছেন নাট্যকার, পরিচালক রেজানুর রহমান।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা মামুনুর রশীদ, খায়রুল আলম সবুজ, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, হাফিজুর রহমান সুরুয, মাহবুবা রেজানুর, সিলভিয়া প্রমুখ।
নাটকটি প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া। ১৫ ডিসেম্বর রাত ৯টায় বিটিভিতে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।








