মিরপুর টেস্টের তৃতীয় দিনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে তিনবার আঘাত হেনেছেন মেহেদী হাসান মিরাজ। শিমরন হেটমায়ারকে কট এন্ড বোল্ড করে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন এই অফস্পিনার। এরপর তিনি তুলে নিয়েছেন দেবেন্দ্র বিশুকেও। বিশুকে ফেরানোর পর মিরাজের শিকার হন কেমার রোচ। মিরাজের ঘূর্ণিতে ঘোর বিপদে উইন্ডিজ।
৩৫ ওভারে ৮ উইকেটে ১০৬ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের চেয়ে এখনো ৪০২ রানে পিছিয়ে আছে ক্যারিবীয়রা।
ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৫৩ বলে ৩৯ রান করেছেন হেটমায়ার। তার ফেরার পর মিরাজের বলেই সাদমানের হাতে ক্যাচ দেন এক রান করা বিশু। সকালে আসা-যাওয়ার মিছিলে যোগ দেন রোচও। মিরাজের বলেই লিটন দাসের হাতে ক্যাচ দেয়ার তার নামের পাশেও ওই এক রান।
এর আগে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যারিয়ার সেরা ইনিংসে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫০৮ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ ১৩৬, অধিনায়ক সাকিব আল হাসান ৮০ আর অভিষিক্ত সাদমান ইসলাম করেছিলেন ৭৬ রান।









