বাবাকে নিয়ে মিডিয়ার বাড়াবাড়িতে বিরক্ত হয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ডিয়েগো ম্যারাডোনার মেয়ে জিয়ান্নিনা। তারই জবাবে পাল্টা পোস্ট দিয়ে কন্যাকে বুঝিয়ে দিলেন আর্জেন্টাইন কিংবদন্তি যে, তাকে নিয়ে না ভাবলেও চলবে তাদের!
বাবাকে নিয়ে মিডিয়ার সমালোচনায় উদ্বিগ্ন ছিলেন জিয়ান্নিনা। ক্রমাগত সমালোচনায় ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়কের স্বাস্থ্যের অবনতি ঘটছে বলে ইনস্টাগ্রামে ম্যারাডোনা তনয়া লিখেছিলেন, ‘মিডিয়া বাবাকে ভেতরে ভেতরে মেরে ফেলছে, কিন্তু বিষয়টা কেউ দেখছেই না!’
গত সেপ্টেম্বর থেকে আর্জেন্টিনার সুপার লিগার দল জিমনেসিয়ার কোচের দায়িত্ব নিয়েছেন ম্যারাডোনা। একজন কিংবদন্তি দায়িত্ব নেয়ার পর ভাগ্যতো বদল হয়নি উল্টো খারাপ হয়েছে ক্লাবটির। ম্যারাডোনার অধীনে তারা মাত্র দুই ম্যাচে জয় পেয়েছে, হেরেছে পাঁচটিতে। ২৪ দলের মধ্যে ২৩ নম্বরে থেকে আছে অবনমনের ঝুঁকিতে। দলের এমন কাহিল পারফরম্যান্সে তাই লাগাতার সমালোচনা ধেয়ে যাচ্ছে ম্যারাডোনার দিকে।
বাবার এই সমালোচনা মানতে বেশ কষ্টই হচ্ছিল জিয়ান্নিনার। তাই দিয়েছিলেন পোস্ট। বদলে পেয়েছেন উল্টো জবাব। দুই মেয়ে ডালমা ও জিয়ান্নিনার সঙ্গে সম্পর্ক ভালো নয় ম্যারাডোনার। দুই মেয়ের মা ক্লদিয়ার সঙ্গেও সম্পর্ক নেই তার। তাই মেয়েকে উদ্দেশ্য করে ভিডিও পোস্ট করে ম্যারাডোনা লিখেছেন, ‘আমি মোটেই মরে যাচ্ছি না। খাটছি বলেই শান্তিতে ঘুমোতে পারি। জানি না জিয়ান্নিনা ঠিক কী বোঝাতে চেয়েছে। আমি জানি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেশি যত্ন নিতে হয়। তবে আমি এখন খুব ভালো আছি।’







