৫ মে ছেলের মা হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। আর ১১ জুলাই জানতে পারলেন সপরিবারে তিনি করোনা পজিটিভ। সুস্থ হয়েছেন। সময়টা খুব একটা সহজ যাচ্ছে না তার। সন্তানের জন্য রাতে ঘুমাতে পারেন না, তবুও হাসিখুশি রাখার চেষ্টা করছেন নিজেকে।
পূজায় মুক্তি পেয়েছে কোয়েলের ‘রক্ত রহস্য’। দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেয়েছেন কোয়েল। সময়টা ভালোই যাচ্ছে তার। তবুও করোনাকালে সন্তান বড় করা বেশ কঠিন কাজ, এমনটাই মনে করছেন তিনি। এক সাক্ষাৎকারে কোয়েল কথা বলেছেন সন্তানের বিষয়ে।
কোয়েল বলেন, ‘আমার ছেলে আমাদের রঙধনু, সূর্যের আলো। আমাদের জীবন উজ্জ্বল ও আনন্দের করে তুলেছে ও। মহামারিতে সন্তান জন্ম দিয়েছি। সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছি, তবুও ইতিবাচক ছিলাম। একবারের জন্যও হার মানিনি। জীবন রোলার কোস্টারের মতো। সব পরিস্থিতিকেই হাসি দিয়ে গ্রহণ করে নেয়া উচিত।’
মা হওয়ার পর কি বদলেছেন কোয়েল? প্রশ্ন করা হয় কোয়েলকে। উত্তরে তিনি বলেন, ‘মা হওয়া খুব স্বাভাবিক প্রক্রিয়া। আমার প্রায়োরিটি অবশ্যই বদলেছে। সব মায়ের মতোই আমার জীবন এখন সন্তানকে ঘিরে। কিন্তু আমি মেয়ে হিসেবে, স্ত্রী হিসেবে এবং পুত্রবধূ হিসেবেও নিজের দায়িত্ব পালনের চেষ্টা করছি। করোনার এই সময়ে এখন সবার সুস্থতার দিকে খেয়াল রাখাটাই সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। পরিবারের বয়স্কদের সঙ্গে এখন দেখা করতে পারছি না তাদের নিরাপত্তার কথা চিন্তা করে। ভিডিও কলে যোগাযোগ রাখছি, যেন তারা নাতির কাজকর্ম দেখতে পান।
কোয়েল জানান, তিনি এখন সন্তানের সঙ্গে সময়টা উপভোগ করতে চান। কাজে ফেরার কোনো তাড়া নেই তার। -টাইমস অব ইন্ডিয়া







