জার্মানির বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচের পরপরই রেফারিকে জড়িয়ে ধরলেন নেদারল্যান্ডস ডিফেন্ডার ভার্জিল ফন ডিক। প্রথম প্রথম সতীর্থদের অনেকেই মনে করেছিলেন ম্যাচ বাঁচানোর খুশিতে রেফারি ওভাইডু হাতেগানের সঙ্গে বুঝি শুভেচ্ছা বিনিময় করছেন লিভারপুল তারকা!
পরে জানা গেল কঠিন এক সত্য। মাঠে থাকা অবস্থায় মায়ের মৃত্যুর খবর শুনেও পেশাদারিত্বের সঙ্গে ম্যাচ চালিয়ে যান রোমানিয়ান ৩৮ বছর বয়স্ক এ রেফারি!
‘মানুষটার হৃদয় ভেঙ্গে যাচ্ছিল, উনি চোখ ভর্তি পানি নিয়ে মাঠে দাঁড়িয়ে ছিলেন, কারণ মাত্রই তিনি মাকে হারিয়েছেন।’ পরে সাংবাদিকদের আসল কাহিনী জানান ফন ডিক।
‘আমি তাকে শক্ত হতে বলেছি, সান্ত্বনা জানিয়েছি। বলেছি আপনি দারুণভাবে ম্যাচ চালিয়েছেন। এটা হয়তো বেশিকিছু না। তবে এটুকুই হয়তো তাকে সাহস যোগাবে।’
একটু একটু করে ক্যারিয়ারের ওপরে উঠছেন ওভাইডু হাতেগানে। সম্প্রতি বার্সেলোনা বনাম ইন্টার মিলানের ম্যাচ পরিচালনা করেছেন তিনি। ২০১৭ সালে ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম সেল্টা ভিগোর ম্যাচও পরিচালনা করেছিলেন এ রেফারি।







