সরকারকে বিব্রত না করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়াকে নিজে থেকেই সরে যেতে বলেছে বিএনপি। ভারপ্রাপ্ত মহাসচিবসহ আটক নেতাদের মুক্তির ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গি বদলাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছে দলটি।
নিয়মিত সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন আটক নেতাদের মুক্তি দাবি করেন।
তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রধানমন্ত্রী একজন সরকার প্রধান হিসেবে বিষয়গুলো বিবেচনা করবেন।
আসাদুজ্জামান বলেন, মীর্জা ফকরুল ইসলাম আলমগীরের মুক্তি পাওয়ার ক্ষেত্রে যে বাধাগুলো সৃষ্টি করা হয়েছে, যেগুলো আইনি বাধা নয়। সেগুলো অপসারণ করে তার মুক্তি দ্রুত নিশ্চিত করবে সরকার।
একইভাবে তাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা কারাগারে যাচ্ছেন তাদের মুক্তির ব্যবস্থা করারও দাবি জানান তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বিএনপির এ মুখপাত্র।
এ প্রসঙ্গে বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী নিজে যে দুর্যোগের মধ্যে পড়েছেন সেই বিষয়ে সরকারকে বিব্রত করার থেকে তিনি দুরে থাকবেন এটাই বিএনপির প্রত্যাশা।
মিয়ানমারে আটক নায়েক রাজ্জাক সম্পর্কে বিদেশে থেকেও জাতিকে তথ্য জানানোর জন্য বিজিবি মাহাপরিচালককে ধন্যবাদ জানান তিনি।






