১৯৯৩ সালের পর শ্রীলংকার মাটিতে ভারতের শেষ টেস্ট সিরিজ জয়। নিজেদের মাঠে গত ২২ বছরে ভারতের বিপক্ষে টেস্টে অজেয় শ্রীলংকা। লংকানদের বশে আনার কঠিন চ্যালেঞ্জ নিয়ে প্রতিবেশী দ্বীপরাষ্ট্র সফর করছে ‘টিম-ইন্ডিয়া’। বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজ হারের ধকল বয়ে চলা ভিরাট কোহলির দল শ্রীলংকা সফরে খেলবে তিন টেস্ট ম্যাচের সিরিজ। ১২ আগষ্ট গলে শুরু প্রথম ম্যাচ।
টানটান উত্তেজনার সিরিজের আগেও শ্রীলংকায় ভারতীয় ক্রিকেটাররা আছেন ফুরফুরে মেজাজে। মাঠের লড়াই শুরুর আগে দুই লংকান লিজেন্ড কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধেনার যৌথ মালিকানার সি-ফুড রেস্টুরেন্ট ‘মিনিস্ট্রি অব ক্র্যাবস’এ হানা দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলিসহ টিম-ইন্ডিয়ার বেশ ক’জন ক্রিকেটার। কলম্বোর এই নামকরা রেস্টুরেন্টে পেটপুরে খাওয়ার তৃপ্তির কথা বেশ ঘটা করেই জানিয়েছেন ভারতীয় টেস্ট দলের সুদর্শন কাপ্তান।
ভারতীয়দের রাতের ওই অভিযানের শুরুতেই তাদের নাকি ‘মিনিস্ট্রি অব ক্র্যাবসে’ স্বাগত জানাতে হাজির ছিলেন ‘সাঙ্গা-জয়া’। তারকা ক্রিকেটারদের রেস্টুরেন্ট ব্যবসার ধারায় শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, ক্রিস গেইল কিংবা আমাদের সাকিব আল হাসানের মতো নাম লিখিয়েই, ভোজন রসিকদের কাছে নিজেদের জনপ্রিয়তা আরো বাড়িয়ে নিয়েছেন সাঙ্গাকারা-জয়াবর্ধেনা জুটি।
ক্রিকেটের বাইশ গজের ধূসর জমির মতোই ‘মিনিস্ট্রি অব ক্র্যাবস’এ এই দুই ঘনিষ্ঠ বন্ধুর পার্টনারশিপ দিচ্ছে নতুন রেকর্ড গড়ার ইংগিত। ক্রিকেট জীবনের যতি আগেই টেনেছেন জয়াবর্ধেনা, ভারতের সঙ্গে আসন্ন সিরিজ শেষে ক্রিকেট-আকাশ থেকে খসে পড়বে ‘সাঙ্গাকারা-নক্ষত্র’। তাই এই সিরিজ কিংবা দুই দলের ক্রিকেটারদের পারস্পরিক বন্ধুত্ব যোগ করতে পারে নতুন মাত্রা।
তবে সাঙ্গা-জয়া’র রসুই ঘরের কাঁকড়া’র স্বাদ কোহলি’র রসনা বিলাসকে তৃপ্তি দিলেও তার প্রতিফলন দেখা যায়নি ট্যুর ওপেনিং ম্যাচে। প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকান ক্রিকেট বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে বৃহস্পতিবার শুরু তিনদিনের ওয়ার্ম-আপ ম্যাচের প্রথম ইনিংসে কোহলি’র সংগ্রহ মাত্র ৮ রান। দেশের হয়ে শেষ ১২ ইনিংসের একটিতেও ফিফটি নেই ভারতীয় টেস্ট অধিনায়কের।






