বিয়ের এক বছর পূর্তি করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত বছর এই দিনে রাজধানীর উত্তরায় নিজের বাসায় একেবারে ঘরোয়া পরিবেশে পারভেজ মাহমুদের সঙ্গে মাহির আক্দ হয়। পরে ওই দিন সন্ধ্যায় উত্তরায় একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের ডেকে বিয়ের খবর জানান মাহি। বরের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন। জানান, তার বর সিলেট শহরে নিজেদের পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। মাহি তখন বলেছিলেন, ‘পরিবারের পছন্দে আমি বিয়ে করছি। আমার বরকে তারাই পছন্দ করেছেন। আমিও তাদের পছন্দকে সম্মান জানিয়েছি।’
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের বিয়ের এক বছর পূর্তির খবর সবাইকে জানান মাহি। এরপর থেকে নাকি তিনি বন্ধু, ভক্ত আর শুভাকাঙ্খীদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন।
মাহি জানান, কোনো কাজ নয়, আজকের দিনটি শুধু স্বামী আর তার পরিবারের জন্য।

মাহিয়া মাহি এখন চলচ্চিত্রে খুবই ব্যস্ত। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবির শুটিং শেষ। কলকাতার নায়ক বনি সেনগুপ্তর সঙ্গে ‘মনে রেখো’ ছবির কাজ একটু বাকি আছে। শিগগিরই শুরু করবেন যৌথ প্রযোজনায় ‘তুই শুধু আমার’ ছবির শুটিং।
ছবি : সংগৃহীত







