চট্টগ্রাম পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা মিতুর হত্যার ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় দায়ের হওয়া মামলাটির তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। নতুন করে মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে।
তদন্তে গতি আনতে হত্যার ঘটনার ৬ দিন পর শনিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে তদন্তের দায়িত্ব দেয়া হলো।
পুলিশের দাবি, গ্রেফতার করা শিবির নেতা আবু নছর গুন্নু এবং অপর একজন- শাহ জামান রবিনকে জিজ্ঞাসাবাদে নিলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
আবু নছর গুন্নুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। নগরীর শীতলঝর্না এলাকা থেকে গ্রেফতার শাহ জামান রবিনও রিমান্ড আবেদনের জন্য রবিবার আদালতে নেয়া হয়েছে।
চট্টগ্রামে ৫ জুন পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।








