পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ (একিউআইএস) শাখা। জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী গ্রুপ ‘সাইট ইন্টেলিজেন্স’ এ সংবাদ দিয়েছে।
একিউআইএসের বাংলাদেশ শাখা আনসার-আল ইসলামের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে আল-কায়েদা।
ব্লগার, লেখক, অধ্যাপক ও অধিকার কর্মীসহ অনেকগুলো হত্যাকাণ্ডে আল-কায়েদা দায় স্বীকার করলেও এই প্রথম তারা কোনো হত্যাকাণ্ডের নিন্দা জানালো।
বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ড ইসলামে ‘অনুমোদনযোগ্য নয়’।
গত ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে মাহমুদা খানম মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
মাহমুদা খুন হওয়ার পর দেশব্যাপী প্রতিবাদের মধ্যে জঙ্গি দমনে শুক্রবার দেশজুড়ে ‘সাঁড়াশি অভিযান’ শুরু করেছে যৌথ বাহিনী। অভিযানের প্রথম দিনেই উল্লেখযোগ্য সংখ্যক অপরাধীকে আটক করা হয়েছে।










