করোনা প্রতিরোধে মাস্ক ছাড়া রাস্তায় বের হলে জরিমানার বিধানসহ ১১ দফা বিধিনিষেধ অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
শনিবার দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ওমিক্রন বাড়ার পর যে প্রস্তাবনা দেয়া হয় তা আপাতত থাকছে। তবে সংক্রমণ কমে গেলে বিধিনিষেধ তুুলে দেয়া হবে।
সিলেট ওসমানী হাসপাতালে রোগীদের প্রচণ্ড চাপ বেড়েছে। স্থান সংকুলানে একই বিভাগের একাধিক ওয়ার্ডসহ বিভিন্ন পরিকল্পনা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড চলমান আছে। কাজ শেষে হলে সমস্যাগুলো আর থাকবে না।
সে সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়াসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







