বার্সেলোনা থেকে বিদায় নিলেন হাভিয়ের মাশ্চেরানো। আট বছরের বন্ধন ছিন্ন করে আর্জেন্টাইন তারকার বিদায়ক্ষণটা ছিল যথেষ্ঠ আবেগঘন। বিদায়বেলায় বলেছেন, ড্রেসিংরুমের অখণ্ডতাই বার্সার সফলতার চাবিকাঠি।
বার্সেলোনা ছেড়ে মাশ্চেরানোর নতুন ঠিকানা চীনের ক্লাব হেবাই চায়না ফরচুন। আর চুক্তিটা ৫.৫ মিলিয়ন ইউরোর।
বার্সার হয়ে নিজের শেষ সংবাদ সম্মেলনে মাশ্চেরানো বললেন, ‘এই বছরগুলো ড্রেসিংরুমের অবস্থা গোপনই ছিল। আমি যখন প্রথম এখানে (ক্যাম্প ন্যু) আসি তখন মনে করেছিলাম একটা কঠিন গ্রুপের সম্মুখীন হতে হবে। কারণ এখানে অনেক গ্রেটরা ছিলেন, যারা দলের হয়ে অনেক কিছু জিতেছেন।’
‘কিন্তু এটা ছিল আমার ধারণার বিপরীত। ড্রেসিংরুমের সবাই ছিল অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। পুয়েল, জাভি, ভিক্টর (ভালদেজ) সবাই আমাদের পথ দেখিয়েছেন। তারপর থেকে আমাদের নেতৃত্বে পরিবর্তন হয়েছে, কিন্তু পথটা একই থেকেছে।’

বুধবার কাতালানদের হয়ে শেষ কথার সময় ক্লাব ও সতীর্থদের কাছ থেকে বিদায় সংবর্ধনাও পান মাশ্চেরানো। প্রতিউত্তরে বলেন, ‘আমি আজ অনেক সম্মানিত বোধ করছি। শুরুর পর থেকে এই বছরগুলো ভাল কাটিয়েছি। আমার কাছে এটা সৌভাগ্যেরও বটে। কারণ কখনোই মনে করিনি এতটা সময় বার্সায় থাকতে পারব। এখনই বিদায় বলার মোক্ষম সময়।’







