বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শনিবার ইংল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। তার আগে টাইগার দলকে সংবর্ধনা এবং ডিনারের দাওয়াত দিয়েছে ব্রিটেনের বাংলাদেশ হাইকমিশন। শুধু মাশরাফী-সাকিবদেরই নয়, ডিনারের দাওয়াত দেয়া হয়েছে তাদের পরের ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ডকেও।
বৃহস্পতিবার রাতে ওয়েলস পার্লামেন্টে দেয়া হবে সংবর্ধনা, তারপরই ডিনার। সংবর্ধনার খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ওয়েলসের কার্ডিফেই আগামী শনিবার ইংলিশদের বিপক্ষে নামবে লাল-সবুজরা।
নিজের ফেসবুক পাতায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেছেন, ‘ওয়েলস পার্লামেন্টে আজকে (বৃহস্পতিবার) সন্ধ্যায় বাংলাদেশ এবং ইংল্যান্ড টিমকে সংবর্ধনা এবং ডিনারের দাওয়াত দেয়া হয়েছে আমাদের বাংলাদেশ হাইকমিশন থেকে। ৮ তারিখে তারা খেলবে!’
বিশ্বকাপ খেলা অন্য দেশও নিজ নিজ দলকে সংবর্ধনা দিচ্ছে। তবে বাংলাদেশ একটা ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছে। নিজ দেশের বাইরে ইংল্যান্ডকেও আমন্ত্রণ জানিয়েছে তারা।
শাহরিয়ার আলম লিখেছেন, ‘একই রীতিতে সকল দেশ তাদের নিজস্ব টিমকে সংবর্ধনা দিয়েছে বা দিবে, কিন্তু প্রতিপক্ষকে দাওয়াত দেবার সুযোগটা আমরা পেয়েছি ভাগ্যক্রমে!’
বিশ্বকাপ অভিযান ঠিক একইভাবে শুরু করেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে উড়িয়ে দেয় ইংলিশরা। একই প্রতিক্ষকে অর্থাৎ, বাংলাদেশও তাদের প্রথম ম্যাচে হারায় প্রোটিয়াদের। ইংল্যান্ড তাদের দ্বিতীয় ম্যাচে হারে পাকিস্তানের কাছে। বাংলাদেশও তাদের দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ পায়। কিউইদের বিপক্ষে ২ উইকেটে হেরে। বৃহস্পতিবার একই টেবিলে বসে ডিনার করার একদিন পর দুদলই নেমে পড়বে এগিয়ে যাওয়ার মিশনে।







