আকরাম খানের দেয়া আভাসটাই সত্যি হল। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদই পড়লেন ৬ ক্রিকেটার। গত বছর চুক্তিতে ১৬ ক্রিকেটার থাকলেও এবার সংখ্যাটা কমে এল। বাড়ানো হয়নি চুক্তিবদ্ধ অন্য ক্রিকেটারদের বেতনও। গত বছর যা প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছিল!
চুক্তি থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইমরুল কায়েস ও কামরুল ইসলাম রাব্বি।
বুধবার সন্ধ্যায় বিসিবির নতুন কমিটির সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, ছয় ক্রিকেটারকে বাদ দেয়ার পেছনে কারণ পারফরম্যান্স। আর বেতন প্রসঙ্গে জানান, আগে যেটা ছিল সেটাই থাকছে।
গত বছরের এপ্রিলে বিসিবির কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ১৬ ক্রিকেটারের বেতন যেমন প্রায় দ্বিগুণ বেড়েছিল, ম্যাচ ফি’ও বেড়েছিল উল্লেখযোগ্য হারে। কদিন আগেই বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এবছরও বেতন কিছুটা বাড়ানো হবে। বোর্ড মিটিংয়ের পর সিদ্ধান্ত এল, আপাতত সেটা হচ্ছে না।
কেন্দ্রীয় চুক্তিতে টিকে থাকলেন যারা-
এ+ গ্রেড (৪ লাখ টাকা): মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল
এ গ্রেড (৩ লাখ টাকা): মাহমুদউল্লাহ রিয়াদ
বি গ্রেড (২ লাখ টাকা): মুমিনুল হক
সি গ্রেড (১.৫ লাখ টাকা): রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান
ডি গ্রেড (১ লাখ টাকা): তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ
*অধিনায়ক দায়িত্বভাতা হিসেবে পান বাড়তি ২০ হাজার টাকা করে।







