স্পোর্টস

মাশরাফির মঞ্চে জ্বলল না জয়ের বাতি

মাশরাফির মঞ্চে জ্বলল না জয়ের বাতি

মালিঙ্গা ফিরবেন বলে লঙ্কানদের মাঝে একটা উত্তেজনা ছিল। বাংলাদেশ শিবিরে সেই অর্থে তেমন কোন বিশেষ আলোচনা ছিল না। মঙ্গলবার টস আসতে আসতে উত্তেজনার পারদ চড়ল তুঙ্গে। মাশরাফি নামের একজন ‘যোদ্ধা’, ‘নেতা’ টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে দিলেন। এমন ম্যাচে ৬ উইকেটের হার দেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার একটা অন্তিম সুযোগ থাকছে সাকিবদের সামনে, জয় দিয়ে ম্যাশকে এই ফরম্যাট থেকে বিদায় দেয়ার।

‘শেষ বার্তা’ দেয়ার ম্যাচে মাশরাফি বল হাতে বোঝালেন কেন তিনি মাশরাফি। লঙ্কানরা যখন ৬০’র বেশি রান তুলে চাপ সৃষ্টি করছে, ঠিক তখন দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে পথে রাখার চেষ্টা করেন কাপ্তান। সতীর্থ বোলাররা সময় মত জ্বলে উঠতে না পারায় কোন কাজে আসেনি তার সেই চেষ্টা।

সপ্তম ওভারের পঞ্চম বলে থারাঙ্গাকে (২৪) ফেরান মাশরাফি। এরপর মুনাবিরাকে (৮) কট এন্ড বোল্ড বানিয়ে বিদায় করেন। ৪ ওভারে ৩২ রান খরচ করে ওই দুটি উইকেটই নিয়েছেন। ব্যাট হাতে করেছিলেন ৯।

এর আগে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান করে। তামিম ইনিংসের শুরুতে ফিরে যাওয়ার পর সৌম্য সরকার ২৯ করেন। শেষ দিকে ৩১ রান করেন রিয়াদ। মোসাদ্দেক হোসেন ৩৪ করে অপরাজিত থাকেন।

সাব্বির-সৌম্য বাংলাদেশকে দারুণভাবে পথে রেখেছিলেন। ইনিংসের দ্বিতীয় ওভারে মালিঙ্গার খুনে ইয়র্কারে বিদায় নিলে ত্রাস ছড়ায় বাংলার ড্রেসিংরুমে। সেই ভয় কাটিয়ে ওঠার আভাস মেলে দ্বিতীয় উইকেট জুটিতে। সৌম্য আর সাব্বির ৫৭ রান তুলে নেন। ঠিক ওই সময়ে সাব্বির রানআউট হওয়ায় ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে মাশরাফির দল।

ষষ্ঠ ওভারের প্রথম বলে ভিকুম সানঞ্জয়াকে কাভারে পুশ করেন সাব্বির। এরপর সৌম্যর সঙ্গে জায়গা বদলের চেষ্টা করেন। প্রসন্ন বোলিং প্রান্তে সরাসরি থ্র’তে স্টাম্প ভাঙেন। ফিরতে হয় সাব্বিরকে।

তিন বল বাদে সৌম্য হালকা ডাউন দ্য উইকেটে আসেন। এবার চালাকি করেন সনঞ্জয়া। লেগসাইডে স্লো ডেলিভারি দেন। সৌম্য তবু হাফভলি বানান। বল অনেক উপরে ওঠে। ঠাণ্ডা মাথায় তা তালুবন্দি করেন পেরেরা।

এই জুটির পর রিয়াদ-মোসাদ্দেক ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তাদের জুটিও ৫৭ রান দীর্ঘ হয়। শ্রীলঙ্কা জবাব দিতে নেমে শুরু থেকে আক্রমণে যায়। ওপেনার পেরেরা ৫৩ বলে ৭৭ রান করে ম্যাচ বের করে নেন। বাকিরা পরিস্থিতি বুঝে বলের সঙ্গে তাল রেখে ধীরে ধীরে এগোতে থাকেন। শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় স্বাগতিকরা।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…