যুব এশিয়া কাপ খেলতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এখন মালয়েশিয়ায়। মাঠে নামার আগে বৃহস্পতিবার অনুশীলনে গা গরম করেছে যুবারা। ১১ নভেম্বর যুব এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে সাইফ হাসানের দল।
নেপাল ম্যাচের পরদিনই স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। আট দলের এশিয়া কাপে গ্রুপ ‘এ’তে বাংলাদেশের সঙ্গে আছে ভারত। টাইগার যুবাদের অন্য দুই প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া ও নেপাল।
টুর্নামেন্টের জন্য সাইফ হাসানের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঢাকা ছাড়ে বুধবার। দলের সহ-অধিনায়কের দায়িত্বে চেপেছে অলরাউন্ডার আফিফ হোসেনের কাঁধে।
বৃহস্পতিবার মালয়েশিয়ার কিনরারা স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশি যুবারা। অনুশীলন শেষে এশিয়া কাপের ট্রফি উন্মোচনে অংশ নেন সাইফ হাসানসহ বাকি সাত দলের অধিনায়ক।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে লড়বে যুবারা। টুর্নামেন্টের সেমিফাইনাল হবে ১৬ ও ১৭ নভেম্বর। ১৯ নভেম্বর ফাইনাল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:
সাইফ হাসান (অধিনায়ক), আফিফ হোসেন (সহ-অধিনায়ক), নাঈম হাসান, পিনাক ঘোষ, তৌহিদ হৃদয়, মাহিদুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ রকিব, রবিউল হক, হাসান মাহমুদ, কাজী অনিক ইসলাম, রনি হোসেন, আমিনুল ইসলাম, শাখাওয়াত হোসেন, নাঈম শেখ, শাকিল হোসেন।







