নেপালের পর মালদ্বীপকে হারিয়ে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ জিতেছে ৩-০ সেটে। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকরা নেপালকে হারিয়েছিল ৩-১ সেটে।
বাংলাদেশ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। ২০১৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার বছরও এই মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
সেই আসরের পর দলকে ঢেলে সাজিয়েছে মালদ্বীপ ভলিবল অ্যাসোসিয়েশন। সেন্ট্রাল জোন টুর্নামেন্টকে সামনে রেখে পুরো দল ক্যাম্প করেছে থাইল্যান্ডে। তবু দলটিকে এবার গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে হল।
এদিন প্রথম দুই সেটই হেরে বসে তারা। তৃতীয় সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও লাভ হয়নি।
সেরা ‘ব্লকার’ নির্বাচিত হয়েছেন মালদ্বীপের আহমেদ। সেরা স্ট্রাইকার বাংলাদেশ দলের অধিনায়ক হরসিৎ বিশ্বাস। ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বাংলাদেশের মহসিন। ২৫ এপ্রিল সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।
নেপালকে হারানোর পর থেকেই শিরোপা ধরে রাখতে দারুণ উজ্জীবিত বাংলাদেশ দল। প্রথম জয়ের পর ফেডারেশন থেকে প্রত্যেক খেলোয়াড়কে দশ হাজার টাকা করে পুরষ্কার দেয়া হয়।







