গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় পা রেখেছে ব্রাজিল। নকআউট পর্বে পাঁচবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মেক্সিকো। ম্যাচে নামার আগে সেলেসাওরা সুখবরই পাচ্ছে। কোচ টিটের কথায় ইঙ্গিত, মেক্সিকোর বিপক্ষেই দুই অপরিহার্য সদস্য দানিলো ও মার্সেলোকে পাবে ব্রাজিল।
শুক্রবার দলের সাথে অনুশীলন করেছেন ব্রাজিলিয়ান রাইটব্যাক দানিলো। গ্রুপপর্বের শেষ ম্যাচে খেলতে পারেননি চোটের কারণে। মার্সেলো এদিন অনুশীলন না করলেও টিটে তার ফেরার ব্যপারে বেশ আশাবাদী। গ্রুপপর্বের শেষ ম্যাচে খেলতে নেমে চোটে মাঠ ছেড়েছিলেন। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমারও মার্সেলোর ব্যাপারে ইতিবাচক কথা বলেছেন।
‘মার্সেলোর পিঠে সমস্যা হয়েছিল। এখন সে ভালো হয়ে উঠেছে। আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ৪৮ ঘণ্টা অথবা এরবেশি কিছু সময়। তখন আমরা দেখবো, তার কী অবস্থা। তার মেক্সিকোর বিপক্ষে মাঠে নামা সম্ভব। আমাদের কাছে খুব বেশি সময় নেই, কিন্তু আমরা আশাবাদী।’
বুধবার সার্বিয়ার সাথে গ্রুপপর্বের শেষ ম্যাচে মাত্র ১৪ মিনিটের মাথায় পিঠে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিল একাদশের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মার্সেলোকে। গোল করে চলা কস্তাও ওই ম্যাচে খেলতে পারেননি।
টিটে অবশ্য কস্তাকে নিয়ে সুখবর দিতে পারেননি, ‘হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত ডগলাস কস্তার অবস্থার কোনো উন্নতি হয়নি। তার বিশ্বকাপে আর খেলা হবে কিনা তাতে বিস্তর সন্দেহ আছে। তবে আশা কথা মেক্সিকোর বিপক্ষে ফিরবেন মার্সেলো ও দানিলো।’
ভক্তদের আশ্বস্ত করেছেন মার্সেলো নিজেও। ইনস্টাগ্রামে এ রিয়াল মাদ্রিদ তারকা জানিয়েছেন, বাকি ম্যাচগুলো খেলার স্বপ্ন এখনো বেঁচে আছে। খুব দ্রুতই সুস্থ হচ্ছি।








