আন্তর্জাতিক

মার্কিন বোমায় আইএস’র ঘাঁটি তছনছ, নিহত ৩৮

মার্কিন বোমায় আইএস’র ঘাঁটি তছনছ, নিহত ৩৮

লিবিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের একটি ঘাঁটিতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার চালানো এ হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে জানানো হয়েছে।

তিউনিসিয়া সীমান্তবর্তী লিবিয়ার সাবরাতা এলাকায় জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে মার্কিন যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণ করা হয়। বোমার আঘাতে একটি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়।

স্থানীয় সরকারি কর্মকর্তা হোসেইন আল দাওয়াদি বলেন, ‘নিহতদের বেশির ভাগই তিউনিসীয়। তারা আইএসের সদস্য হতে পারে।’

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কয়েকটি যুদ্ধবিমান লিবিয়ায় আইএসের প্রশিক্ষণ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য দিতে না পারলেও জঙ্গিগোষ্ঠীটির শীর্ষ কোনো নেতা নিহত হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গত বছর তিউনিসিয়ায় দুটি ভয়াবহ সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত এক শীর্ষ জঙ্গি নুরেদ্দীন চৌচানকে লক্ষ্য করে অভিযানটি চালানো হয়। তবে বিমান হামলায় নুরেদ্দীন নিহত হয়েছেন কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।

তিউনিসিয়ার একটি অবকাশ যাপন কেন্দ্রে গত জুলাইয়ে চালানো ওই হামলায় ৩০ ব্রিটিশসহ ৩৮ পর্যটক নিহত হয়েছিলেন।

বিষয়:আইএস জঙ্গি মার্কিন বিমান হামলা লিবিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…