মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, হিলারী কিংবা ট্রাম্প যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হোন না কেন বাংলাদেশের সঙ্গে দু’দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পরিবর্তন হলেও চলমান নীতিমালার কোনো পরিবর্তন হয় না বলে জানান তিনি।
নবনির্বাচিত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা জানাতে সকালে সেতু ভবনে যান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। চলমান রাজনৈতিক অবস্থাসহ দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দু’টি বন্ধুপ্রতিম দেশ। মার্কিন নির্বাচনে ট্রাম্প কিংবা হিলারি, যে-ই জয়ী হোন না কেন, আমি মনে করি, দু’দেশের সম্পর্কে কোনো পরিবর্তন হবে না। যুক্তরাষ্ট্রের নির্বাচনের মতোই বাংলাদেশের মানুষ
তাদের আগামী নির্বাচন উপভোগ করবে – এমনটাই মনে করে যুক্তরাষ্ট্র।”
মধুমতি নদীর ওপর কালনাসেতু নির্মাণসহ এশিয়ান হাইওয়েতে ১৭ টি সেতু নির্মাণে প্রায় আড়াই হাজার কোটি টাকার একটি চুক্তি সই করেছে জাইকা ও সেতু বিভাগ। চুক্তি সই শেষে সব বিষয়ে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আমেরিকায় যিনিই প্রেসিডেন্ট হোন না কেন, বাংলাদেশের সঙ্গে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কোনো পরিবর্তন হবে না।
সেতুগুলো নির্মাণে দু’টি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগেরও চুক্তি সই হয়েছে।







