নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সুচিকিৎসার ব্যবস্থাসহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন বিশিষ্ট কয়েকজন নাগরিক। বিবৃতিতে মান্নার আটক এবং তার ওপর মানসিক নির্যাতন চালানোর তীব্র প্রতিবাদ জানানো হয়।
মঙ্গলবার নাগরিক ঐক্যের প্যাডে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে স্বাক্ষর করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগরের (উত্তর) আহ্বায়ক শহীদুল্লাহ কায়সার।
এতে বলা হয়, ‘মাহমুদুর রহমান কারাগারে নিউমোনিয়া, হার্ট ও কিডনীর সমস্যায় আক্রান্ত হয়েছেন। তার সুচিকিৎসার কোনো ব্যবস্থা না করায় দেশবাসী উদ্বিগ্ন। প্রায় এক বছর চার মাস হল বিনা বিচারে মান্না কারাগারে বন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। তাকে ডিভিশনও দেয়া হয়নি। জামিনও দেয়া হচ্ছে না।’
ন্যায় বিচার পাওয়ার পাশাপাশি তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে অবিলম্বে জামিনে মুক্তি দেওয়ার জন্য জোর দাবি জানানো হয়।
ওই বিবৃতিতে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সুজনের সভাপতি এম. হাফিজউদ্দিন খান, গণস্বাস্থ্যের ট্রাস্টি সদস্য ডাঃ জাফরউল্যাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি এড. সুব্রত চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী, সাবেক সংসদ সদস্য, ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মোহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি.আর আবরার, ইতিহাস বিভাগের অধ্যাপক আহামদ কামল, সুজনের সদস্য, লেখক ও কলামিস্ট মুহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ-এর নাম উল্লেখ করা হয়েছে।








