আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আর কোনো স্লোগান নয়; ‘মানুষ মানুষের জন্য’-এটাই আজ আওয়ামী লীগের স্লোগান।
মঙ্গলবার কক্সবাজারের টেকনাফ উনচিপ্রাংএ কক্সবাজার পৌরসভার উদ্যোগে রোহিঙ্গা নাগরিকদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবেগ আপ্লুত হয়ে পড়েন।
তিনি বলেন: নির্যাতিত এসব রোহিঙ্গারা কতদিন ধরে খায়নি, কতদিন ঘুমায়নি। সারা রাত বৃষ্টি হয়েছে। এতে তাদের কষ্ট আরও বেড়ে গেছে। তারা যে কত অসহায়। আসুন আমরা অসহায় এসব নির্যাতিত মানুষের পাশে গিয়ে দাঁড়াই। যেভাবে যা পারি তাই দিয়ে আমরা তাদের সাহায্য করি।
রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকারের অমানুষিক নির্যাতনের কথা আর দুর্দশা দেখে কান্নায় ভেঙ্গে পড়েন ওবায়দুল কাদের।
নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ স্থানীয় নেতারা।








