মানবাধিকার ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে ‘বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)’-এর উদ্যোগে। কর্মশালায় এই ক্ষেত্রটিতে গণমাধ্যমকর্মীদের দক্ষতা বৃদ্ধি ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
অক্সফাম ইন বাংলাদেশ-এর সহযোগিতায় রাজধানীর মোহাম্মদপুরে বিএনপিএস প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত ওই কর্মশালায় মানবাধিকার ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে তরুণ গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় বিস্তারিত আলোচনা হয় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা, বাংলাদেশে সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের করণীয় বিষয়গুলো সম্পর্কে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা, বিএনপিএসের সমন্বয়ক মুজিব মেহদী, অক্সফামের সিনিয়র প্রোগ্রাম অফিসার তারেক আজিজ, অক্সফাম ইন্টারন্যাশনাল-এর গ্লোবাল জেন্ডার অ্যাডভাইজার মোনা মেহতা এবং দৈনিক প্রথম আলোর সাংবাদিক ও কলামিস্ট সোহরাব হাসান।প্রশিক্ষণে সম্প্রচার, মুদ্রণ ও অনলাইন গণমাধ্যমের ২২ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
কর্মশালায় তুলে ধরা হয় সামাজিক সম্প্রীতি বজায় রাখা, বৈচিত্র্যময় ও অসংবেদনশীল রিপোর্টিং এবং মানবাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের জন্য সংবেদনশীল হওয়ার বিভিন্ন কৌশল।
দু’দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী সব সাংবাদিককে বিএনপিএস এবং অক্সফামের পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হয়।








