করোনা মহামারী পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের আরো ধনী করলেও অনেক বেশি সংখ্যক মানুষকে আরও দারিদ্র্যতার দিকে ঠেলে দিয়েছে বলে অক্সফামের এক প্রতিবেদনে উঠে এসেছে।
সংস্থাটির বরাতে বিবিসি জানিয়েছে, কম উপার্জনের কারণে প্রতিদিন ২১ হাজার জন দরিদ্র মারা যায়। আর ২০২০ সালের মার্চ থেকে পৃথিবীর শীর্ষ ১০ ধনীর সামষ্টিক সম্পদের পরিমাণ দ্বিগুণ হয়েছে।
অক্সফাম ফোর্বস ম্যাগাজিনের সূত্র দিয়ে পৃথিবীর শীর্ষ সেই ধনীর নাম প্রকাশ করেছে। সেই ১০ জন হলেন ইলন মাস্ক, জেফ বেজোস, বানার্ড অরনাল্ট এবং তার পরিবার, বিল গেটস, লেরি এলিসন, লেরি পেজ, সার্জে ব্রিন, মার্ক জাকারবার্গ, স্টিভ ব্যালমার ও ওয়ারেন বাফেট।
দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’র সভায় বৈশ্বিক অসমতার উপর সংস্থাটির করা প্রতিবেদন এসব তথ্য প্রকাশ করা হয়।
অক্সফামের চিফ এক্সিকিউটিভ ডেনি স্রিসকান্ডারজাহ বলেন, মহামারীকালে প্রায় প্রতিদিনই নতুন বিলিওনিয়ার তৈরি হয়েছে। অন্যদিকে পৃথিবীর ৯৯ শতাংশ মানুষই লকডাউনের কারণে তাদের আর্থিক সংস্থান হারিয়েছেন। প্রায় ১৬০ মিলিয়ন মানুষ দারিদ্র্যতার শিকারে পরিণত হয়েছেন।
করোনাকালে সামষ্টিকভাবে তাদের সম্পদ ৭শ বিলিয়ন মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১.৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে রূপান্তরিত হয়েছে।







