মাদ্রাসা শিক্ষার্থীর গায়ে আগুন: ৪ জন রিমান্ডে

ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুন দেয়ার ঘটনায় হওয়া মামলায় ৪ জনকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাতকে আগুনে ঝলসে দেয়ার ঘটনায় সোমবার মামলা করেন তার ভাই মাহমদুল হাসান নোমান। সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের ওই মামলায় ৪ নারীসহ তাদের অন্য সহযোগীদেরও আসামি করা হয়।
ওইদিনই এ মামলায় ৭ জনকে আটক করে পুলিশ।
এদিকে সিঙ্গাপুরের চিকিৎসকের পরামর্শে ঢাকায়ই চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত হয়েছে নুসরাতকে।
এরপর আলোচনা শেষে চিকিৎসকরা জানান, সিঙ্গাপুরের চিকিৎসকদের দেয়া কিছু গাইড লাইন মেনে দুই দেশের যৌথ ব্যবস্থাপনায় চিকিৎসা চলবে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষা দিতে গেলে বোরকা পরা চারজন দুর্বৃত্ত নুসরাত জাহান রাফির গায়ে আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তের আগুনে ঝলসে যাওয়া নুসরাতের অবস্থা অবনতি হওয়ায় সোমবার তাকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের লাইফ সাপোর্টে নেয়া হয়।







