মাদারীপুরের শিবচরে ৭ বছরের শিশুকে ধর্ষণ করেছে সোহান মাদবর নামের এক মুরগী ব্যবসায়ী। শিশুটির পরিবার থানায় মামলা করলেও এখনও গ্রেপ্তার হয়নি আসামী। অন্যদিকে লক্ষ্মীপুরে দুই মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও বলাৎকারের অভিযোগে ওই প্রতিষ্ঠানের দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।
জানা গেছে, গত ৮ মার্চ মাদারীপুরের শিবচরের ৭ বছর বয়সী স্কুলছাত্রী মাদবরের হাটে নানার মুদি দোকানে যায়। পথে প্রতিবেশী মুরগি ব্যবসায়ী লাবলু মাদবরের ছেলে সোহান মাদবর গলায় ছুরি ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ভয় পেয়ে শিশুটি কাউকে কিছু না বললেও পরে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ১৮ মার্চ শিবচর থানায় ধর্ষণ মামলা করে শিশুটির মা।
দ্রুত আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আব্দুল হান্নান।
লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে ধর্ষণ ও বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। ভিকটিমের মেডিক্যাল পরীক্ষার জন্য আদালতের মাধ্যমে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দু’টি ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।







