রাজশাহী ও গাজীপুরে বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছে। নিহত ৩ জনই মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রাজশাহীর কর্নহার থানার করমজা এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী বেলাল ও নাজমুল নিহত হয়েছে। র্যাব বলছে, নিহত দু’জনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
জানা যায়, বৃহস্পতিবার রাতে কর্নহার থানার করমজা এলাকায় মাদক ব্যবসায়ীদের মুখোমুখি হয় র্যাবের টহল দল। সেসময় মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়।
‘‘ঘটনাস্থল থেকে দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে র্যাব। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। সেখান থেকে বিপুল পরিমাণ গাঁজা, পিস্তল ও গুলি উদ্ধার করেছে র্যাব।’’
এছাড়া গাজীপুরেও পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিটি কর্পোরেশনের ভাদুন এলাকায় মাদক বিরোধী অভিযানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে মৃত্যু হয় কামু নামের একজনের।
পুলিশ বলছে, নিহত কামুর বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ১৪-১৫টি মামলা রয়েছে।








