দেশজুড়ে মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ আরও রংপুরে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দিনাজপুরে গুলিবিদ্ধ হয়েছে আরও ২ জন। এদের সবাই মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ।
রংপুর
রংপুরের কাউনিয়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
মঙ্গলবার ভোরে উপজেলার হারাগাছ এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহত রবিউল ইসলামের বিরুদ্ধে থানায় ১০টি মাদকের মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একদল মাদক ব্যবসায়ী হারাগাছ এলাকায় অবস্থান করছে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম নিহত হয় এবং অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল, ৩টি ছোরা ও ১২৬ পিস ইয়াবাসহ ফেন্সিডিল উদ্ধার করেছে।
দিনাজপুর
দিনাজপুরে সোমবার দিবাগত রাতে পৃথক দু’টি ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আহত দু’জনকেই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় দিনাজপুরে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রাত আড়াইটায় দিনাজপুর সদর উপজেলার গোদাগাড়ি এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধের সংবাদে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে পায়ে গুলিবিদ্ধ লুৎফর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে দিনাজপুরে এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
একই সময় হাকিমপুর উপজেলায় হিলির চুড়িপট্টি এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আলাউদ্দিন নামে এক মাদক ব্যবসায়ী পায়ে গুলিবিদ্ধ হয়। এ সময় সেখান থেকেও ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। তাকে আহত অবস্থায় উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।









