যারা বিভিন্ন সময় মাদকের মামলায় সাজাপ্রাপ্ত হন তাদের নাম জনসম্মুখে প্রকাশ করার পক্ষে মত দিয়ে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আর যাই হোক যারা এ ধরনের কাজের সঙ্গে জড়িত তাদের থেকে অন্যরা দূরে থাকার সুযোগ পাবে।
রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি নির্ধারনী পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
প্রতিমন্ত্রী বলেন, এছাড়া প্রতিটি হাসপাতালে, থানায় ও মাদক নিরাময় কেন্দ্রে ডিজিটাল নোটিশ বোর্ড নির্মাণ করা যেতে পারে। যেখানে কতজন মানুষ মাদকের মামলায় গ্রেপ্তার ও সাজা ফেল তার সংখ্যাভিত্তিক তথ্য পাওয়া যাবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রচারকাজে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। বৈঠকে স্বরাষ্ট্র সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী তার বক্তব্যে মাদক বিরোধী বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন। তিনি বলেন, মাদক বিরোধী বড় বড় অভিযানের সংবাদ গুরুত্বসহ প্রচারের ব্যবস্থা করলে একদিকে মাদক ব্যবসায়ীর পরিচয় যেমন প্রকাশ পাবে তেমনি মাদক নির্মূলে সামাজিক সচেতনতাও বাড়বে।
তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করেন তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাছির উদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের প্রতিনিধিত্ব করেন বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী।
বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দুই মন্ত্রণালয়ে কার্যক্রম ও পরবর্তী পরামর্শগুলো তুলে ধরা হয়।







