‘মাত্র ২৭ দিনে ‘একটি সিনেমার গল্প’ শুটিং শেষ করেছি’

আলমগীর
বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে দাপুটে অভিনেতাদের একজন চিত্রনায়ক আলমগীর। আশি ও নব্বইয়ের দশকের পুরো সময়টাতে বেশ দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। রোমান্টিক নায়কই শুধু নয়, পারিবারিক টানাপোড়েন, অ্যাকশনধর্মী ছবি সব কিছুতেই যেন সমান মানানসই ছিলেন তিনি। শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে ৯ বার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ লাভ করেছেন। শুধু অভিনয় নয়, গায়ক হিসেবেও পেয়েছেন পরিচিতি। পাশাপাশি নাম লিখিয়েছেন প্রযোজনা এবং পরিচালনায়। সম্প্রতি তিনি পরিচালনা করেছেন ‘একটি সিনেমার গল্প’ নামে একটি ছবি। তিনি এসেছিলেন চ্যানেল আই কার্যালয়ে। চ্যানেল আই ভবনের ছাদ বারান্দায় বসে কথা বললেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে-
কেমন আছেন?
ভালো আছি।
‘একটি সিনেমার গল্প’ ছবির কাজ কতদূর?
ছবির শুটিং শেষ। আর ডাবিংসহ আনুষঙ্গিক যেসব কাজ রয়েছে তাও শেষ করে ফেলেছি এর মাঝে।

ছবিতে তো আপনার মেয়ে আঁখি আলমগীর গান গেয়েছেন?
হ্যাঁ আঁখি ছবিতে গান গেয়েছে। ওর একটা একক গান আছে। তাছাড়া এস আই টুটুলের সঙ্গে একটা রোমান্টিক গানেও কন্ঠ দিয়েছে সে। অদিতি মহসিন একটি রবীন্দ্রসংগীত গেয়েছেন।
ছবির শুটিং কোথায় হয়েছে?
বেশিরভাগ অংশের শুটিং হয়েছে এফডিসিতে। তাছাড়া বাংলাদেশের চট্টগ্রামসহ আরও বেশ কয়েকটি লোকেশনে কাজ করেছি আমরা।
দেশের বাইরে কোনো শুটিং করেননি?
না। এই ছবির পুরো শুটিং হয়েছে দেশে। এখানকার সুন্দর সুন্দর বেশ কয়েকটি স্পট আমরা শুটিংয়ের জন্য বেছে নিয়েছি।
আপনার ছবির টিম নিয়ে কাজ করতে কেমন স্বাচ্ছন্দ্য বোধ করেছেন?
পুরো টিমটি ছিল অসাধারণ। তাছাড়া আমরা কাজও করেছি বেশ গোছানো ভাবে। একদম সময় ধরে। দশটায় ক্যামেরা ওপেন মানে ঠিক দশটায়। এদিক সেদিক নয়। সেকারণে মাত্র ২৭ দিনে আমি পুরো ছবির শুটিং শেষ করতে পেরেছি।
ছবিটি নিয়ে কেমন আশাবাদী…?
ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। দর্শকদের কাছে ভালো সাড়া পাবো বলে মনে করছি। আসলে এখন তো আমাদের চলচ্চিত্র শিল্প অনেকটা ভেঙ্গে পড়েছে। তাই আমার মনে হলে, দেখি না একটু চেষ্টা করে চলচ্চিত্র শিল্পকে একটু এগিয়ে আনা যায় কিনা!
ছবিটি কবে নাগাদ মুক্তি দিবেন বলে পরিকল্পনা করছেন?
কিছু প্রসেসিং বাকি আছে। তবে আশা করছি শিগগির ছবিটি মুক্তি পাবে।
অনেক অনেক ধন্যবাদ চ্যানেল আই অনলাইনকে সময় দেবার জন্য
আপনাকেও ধন্যবাদ।



