রাজধানীর পূর্বাচলে নৌকার আদলে হাজার কোটি টাকা ব্যয়ে নতুন একটি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সরকার থেকে নামমাত্র মূল্যে জমিও পায় বোর্ড। সেখানে দুটি মাঠও তৈরি করা হয়। সেগুলোকে খেলার উপযোগী করাই প্রথম লক্ষ্য বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদের। আপাতত হচ্ছে না স্টেডিয়াম।
শনিবার পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে সংবাদমাধ্যমকে ফারুক আহমেদ বলেন, ‘মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেইপ দরকার নেই। মাঠ তো ডিম্বাকৃতির হয়। এখানে দুইটা মাঠ আছে। বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহুর্তে এত বড় বাজেট আমরা এফোর্ট করতে পারব না।’
পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজের দরপত্র গ্রহণ প্রক্রিয়া বাতিলের পর ফারুক পূর্বাচলে গিয়ে জানান এখন অগ্রাধিকার পাবে মাঠ।

‘প্রথমে আমরা একটা মাঠ তৈরির চেষ্টা করবো। তারপ আরেকটা। আমাদের অনেক ধরণের খেলা। বয়সভিত্তিক, নারী ক্রিকেট, ডিভিশনের খেলা আছে। আমাদের মাঠ দরকার। যত তাড়াতাড়ি সম্ভব করব। আমাদের বিসিবিতে পরিচালনা পর্ষদ রয়েছে। পুরনো অনেকেই আমাদের সঙ্গে এসেছে। অগ্রাধিকার ভিত্তিতে আমরা এটা করবো। এখানে নাকি প্র্যাকটিস করেছে খেলাও হয়েছে। বেশ কিছু কাজ করতে। মাঠ উঁচু করতে হবে নইলে পানি জমে যায়। অনেক কাজ রয়েছে। বড় আকারের নয়; যা না করলেই নয়।’
২০৩১ আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পূর্বাচলে নৌকার ডিজাইনে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ কাজের পরিকল্পনা করে নাজমু হাসান পাপনের নেতৃত্বে থাকা তৎকালীন বোর্ড।








