খেলোয়াড়দের আসল কাজটা মাঠে। তবে মাঠের বাইরের ঘটনায়ও বারবার শিরোনাম হচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। যার বেশিরভাগই নেতিবাচক কাণ্ডে। জাতীয় লিগের ম্যাচে দর্শক পিটিয়ে সমালোচিতদের তালিকায় সবশেষ সংযোজন সাব্বির রহমান। শাস্তি হিসেবে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ পড়ছেন, আছে ২০ লাখ টাকা জরিমানা ও ঘরোয়া ক্রিকেটে ৬ মাসের নিষেধাজ্ঞাও। ক্রমাগত নেতিবাচক ঘটনার পর তাই মাঠের বাইরেও শৃঙ্খলার ব্যাপারে সতর্ক থাকতে জোর দিচ্ছেন মাশরাফী বিন মোর্ত্তজা।
মেয়ের চোখের চিকিৎসা করাতে এক সপ্তাহ ব্যাংককে কাটিয়ে সোমবার ঢাকা ফিরেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। মঙ্গলবার ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন মাশরাফী। মিরপুরের একাডেমি মাঠে বোলিং অনুশীলনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন ক্রিকেটারদের শৃঙ্খলা নিয়ে, ‘আমাদের কাজ হল ভাল পারফর্ম করা। আর সবাই যেহেতু আমাদের অনুসরণ করে, আমাদের নিশ্চিত করতে হবে মাঠের বাইরে যাতে আমরা ঠিক কাজগুলো করি। এটাও আমাদের ঠিক রাখা উচিত।’
শাস্তি বিষয়টা মেনে নেয়ার পাশাপাশি ভবিষ্যতে কোন ক্রিকেটারেরই যাতে এমন ভুল না হয় সেদিকে সজাগ থাকতে বললেন মাশরাফী, ‘বিসিবির অধীনে আমরা সবাই, এটা মেনে নেয়াও দায়িত্ব। সবাই আমাদের অনুসরণ করে। তরুণরা যারা উঠে আসছে; অনূর্ধ্ব-১৫, ১৬, ১৯ থেকে, তারাও আমাদের অনুসরণ করে। মাঠের বাইরের সবকিছু ঠিক রাখা তাই আমাদেরই দায়িত্ব। যেটা হয়েছে, সেটা মেনে নেয়া ছাড়া উপায় নেই। সামনে যেন আমরা কোন ভুল না করি। সাব্বিরের ক্ষেত্রে যেমন হয়েছে, তেমন যাতে আর না হয়। এমন কি আমার ক্ষেত্রেও না।’
সাব্বিরের শাস্তি প্রসঙ্গে এদিন কথা বলেন দলের টেকনিক্যাল ডিরেক্টর ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও, ‘সাব্বিরের ব্যাপারে ম্যাচ রেফারির রিপোর্ট প্রাধান্য পেয়েছে। শাস্তিটা যেটাই হয়েছে, কিছু সময় আপনি যখন সর্বোচ্চ অন্যায় করেন আপনাকে শাস্তিটা মানতেই হবে। সাব্বির অনেক তরুণের রোলমডেল। তারা সাব্বিরের মতো হতে চায়। সাব্বিরকে সেটা মাথায় রাখতে হবে।’
‘ক্রিকেট খেলায় আইন তো আছেই। আইন অনুযায়ী তাদের শাস্তি হয়েছে। কতটুকু কঠোর হয়েছে, কতটা বেশি-কম হয়েছে, সেটা আমি বলতে পারব না। যদি কেউ অন্যায় করে, সেটার শাস্তি থাকবেই। আমার মনে হয় এটাকে খেলোয়াড়সুলভ মনোভাব নিয়েই দেখা উচিত। অনেকের ক্ষেত্রে ভুলগুলো বারবার হয়েছে, আমরা এটা চাই না। জাতীয় খেলোয়াড় হচ্ছে মানুষের রোলমডেল। দেশের কাছে রোলমডেল। তাদের কোন বক্তব্য মানুষের কাছে খারাপ দেখাবে বা দেশকে ছোট করবে, সেটা কোনভাবেই বিসিবি সেটা ছাড় দেবে না।’ যোগ করেন খালেদ মাহমুদ।








