মার্কিন বিমান হামলার সহায়তায় ইরাকি সেনাবাহিনী পশ্চিম মসুলে কথিত ইসলামিক স্টেটের (আইএস) শক্ত ঘাঁটি দাওয়াসা দখলে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে।
দাওয়াসায় নিনিভে’র সরকারি ভবন নিয়ন্ত্রণের পরপরই পুরনো শহরের নিয়ন্ত্রণে সর্বাত্মক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ইরাকি কর্তৃপক্ষ। ঘন বসতিপূর্ণ হওয়ায় পশ্চিম মসুলের পুরনো অংশে পর্যায়ক্রমে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরাকি সেনারা।
শহরের এই অংশেই রয়েছে নূরি মসজিদ, যেখান থেকে ২০১৪ সালে কথিত ইসলামিক স্টেট নেতা আবু বকর আল বাগদাদী নিজেকে খলিফা ঘোষণা করেছিলেন।
অন্যদিকে মসুল শহরে ইরাকি সেনাদের অগ্রযাত্রায় এবং জনগণের উপর জঙ্গিগোষ্ঠি আইএসের নিয়ন্ত্রণ কমে যাওয়ায় প্রাণ বাঁচাতে হাজার হাজার নিরীহ নাগরিক মসুল ছেড়ে নিরাপদ আশ্রয়ে বেরিয়ে আসছে।







