ভারতের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হতে পারার যোগ্যতা রয়েছে শুধু মমতা ব্যানার্জির। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য তার নিজ দলের কেউ করেননি, করেছেন স্বয়ং রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
তার এমন মন্তব্যের পর থেকে এ নিয়ে ভারতের রাজনৈতিক মহলে জল্পনাকল্পনা শুরু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। শুধু তাই নয়, বিজেপির রাজ্য প্রধানের এ কথায় বিস্মিত দলের একটি বড় অংশ। কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস-বিজেপি তিক্ত সম্পর্কের কথা কারো অজানা নয়।
তবে বিজেপি নেতাদের অনেকেই বলছেন, শনিবার মুখ্যমন্ত্রীর জন্মদিন থাকায় সৌজন্যের খাতিরে এমন কথা বলেছেন দিলীপ।
শনিবার বিজেপির রাজ্য কমিটির বৈঠকের ফাঁকে সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর জন্মদিন প্রসঙ্গে প্রশ্ন করলে এই বিজেপি নেতা বলেন, ‘আমরা চাই উনি (মমতা) সুস্থ থাকুন যেন ভালোভাবে কাজ করতে পারেন। তার সুস্থতা জরুরি, কারণ যদি এই বাংলা থেকে কারো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকে তবে সেটা তারই আছে।’
এরপর রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হতে না পারা এবং সাবেক ও এ পর্যন্ত দেশের একমাত্র বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রসঙ্গ তোলেন দিলীপ ঘোষ। বলেন, প্রণব মুখার্জি ছিলেন দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। এবার একজন বাঙালি প্রধানমন্ত্রী হওয়া উচিত।

বঙ্গ বিজেপির কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না?- এমন প্রশ্নের জবাবে দিলীপ বলেন, হতে পারে। তবে প্রথম সম্ভাবনা রয়েছে মমতা ব্যানার্জির।
‘আমি তার সুস্বাস্থ্য ও সাফল্যের জন্য প্রার্থনা করি। কেননা আমাদের রাজ্যের ভাগ্য তার সাফল্যের ওপর নির্ভর করছে। জ্যোতিবাবুকে তার দল প্রধানমন্ত্রী হতে দেয়নি। তাই এবার সুযোগ হাত ছাড়া করা যাবে না,’ বলেন তিনি।







