মেডিয়েশন বা মধ্যস্থতা’ই সমাজে শান্তি স্থাপনের কার্যকর পদ্ধতি উল্লেখ করে দেশি-বিদেশি আলোচকেরা বলেছেন, ‘এই পদ্ধতি মানুষের কাছে তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারেন।’
শনিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে “মেডিয়েশন ও সাংবাদিকতা” বিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় আলোচকেরা একথা বলেন।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস), বাংলাদেশ ইন্ডিয়া-মেডিয়েটর্স ফোরাম ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ) যৌথভাবে আন্তর্জাতিক এই (ওয়েবিনার) কর্মশালার আয়োজন করে।
আলোচকেরা বলেন, মেডিয়েটর বা মধ্যস্থতাকারী হিসেবে সাংবাদিকেরা প্রায়শই বিভিন্ন সমস্যার উপর একাধিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। সামাজিক আন্দোলনের মতো বিষয়েও মধ্যস্থতাকারী হিসেবে সাংবাদিকেরা কাজ করতে পারেন। এছাড়া ভারসাম্যপূর্ণ প্রতিবেদন প্রদানের মাধ্যমে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেন সাংবাদিকরা।
মেডিয়েশন বা মধ্যস্ততা সমাজে প্রয়োগের ক্ষেত্রে সাংবাদিকদের যথেষ্ট ভূমিকা রাখার সুযোগ রয়েছে উল্লেখ করে আলোচকেরা বলেন, ‘সাংবাদিকরা মেডিয়েটিরদের সাথে বহুমাত্রিক কাজ করতে পারেন। যা সমাজে মেডিয়েশনের সফলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।এছাড়া অনুসন্ধানী সাংবাদিকত দুর্নীতে রোধে সহায়ক ভূমিকা পালন করে।
এছাড়া ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ার উত্থান সাংবাদিকদের মেডিয়েটর হিসাবে কাজ করার একটি বড় সুযোগ তৈরি করেছে বলে কর্মশালায় উল্লেখ করা হয়।
সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামে (এসআরএফ) এর সভাপতি মো. মাসউদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিমসের চেয়ারম্যান সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এস এন গোস্বামী। আন্তর্জাতিক এই কর্মশালায় বক্তব্য রাখেন হাইকোর্টের সাবেক বিচারপতি মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরী, বাংলাদেশ-ইন্ডিয়া মেডিয়েটর ফোরামের চেয়ারম্যান অধ্যাপক জর্জ ভিক্টর, মেডিয়েশন বিশেষজ্ঞ ও জাপানের অধ্যাপক মাসাকো, আন্তর্জাতিক মেডিয়েশন বিশেষজ্ঞ বিজয় ভারতীয়া, ভারতের সিনিয়র সাংবাদিক ডেভিড দেবদাস, নেপালের অ্যাক্রিডিটেড মেডিয়েটর সিমরান নাপিত, ভারতের অ্যাক্রিডিটেড মেডিয়েটর তনুশ্রী রায়, অধ্যাপক রমা হালদার।
আন্তর্জাতিক এই কর্মশালায় অংশগ্রহণ করেন এসআরএফ’র সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বাবী, সহ-সভাপতি আমিনুল ইসলাম মল্লিক, যুগ্ন সম্পাদক মেহেদী হাসান ডালিম, কোষাধ্যক্ষ বাহাউদ্দিন আল ইমরান, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য মাজহারুল হক মান্না, মো. দিদারুল আলমসহ সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।








