শক্তিশালী ভূমিকম্পে বন্দরনগরী চট্টগ্রাম ও ফেনীতে বেশ কয়েকটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। চট্টগ্রামে ভূমিকম্পে অন্তত ছয়টি ভবন হেলে পড়েছে। অপরদিকে ফেনীতে হেলে পড়েছে একটি ভবন।
আজ বুধবার রাত ৭টা ৫৫ মিনিটে প্রচণ্ড ঝাঁকুনিতে নগরের চান্দগাঁও, হালিশহর আবাসিক এলাকা এবং লাভলেইন, সাগরিকা, রহমতগঞ্জ ও আমতল এলাকায় ভবনগুলো হেলে পড়ে।
ভূমিকম্পে ফেনী পৌরসভার সুলতানপুরের একটি পুরাতন চারতলা ভবনও হেলে পড়ে।
রাজধানীসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে এই ভূমিকম্প কয়েক দফায় প্রায় এক মিনিট অনুভূত হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চট্টগ্রাম শহর থেকে ৩০০ কিলোমিটার দূরে মিয়ানমারের মাওলাইক শহরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭।
ভূপৃষ্ঠের ১৩৪ কিলোমিটার (৮৩ মাইল) নিচে এই ভূকম্পন সংঘটিত হয়। ভূমিতে আঘাত হানায় সুনামির কোন আশঙ্কা নেই বলে জানা গেছে।
চট্টগ্রাম, সিলেট অঞ্চলে কম্পনের তীব্রতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের কারণে রাজধানী ঢাকাসহ অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্কে বিপর্যয় দেখা দেয়।
ভারতের কলকাতা, গৌহাটিসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।









