ভূমিকম্প আতংকে ঘুমন্ত মানুষজন রাস্তায় নেমে আসে। বড় মাত্রার এ ভূমিকম্পে পুরনো ঢাকার শাঁখারি বাজারের একটি বাড়িতে ফাঁটল দেখা দেয়। ঐতিহ্য সংরক্ষণের জন্য সংরক্ষিত এসব বাড়িঘরের বাসিন্দাদের জীবন রক্ষার্থে দ্রুত বাড়ি সংস্কারের দাবি জানায় এলাকাবাসী।
ভোর ৫টা ৭ মিনিটে হঠাৎই কেঁপে ওঠে ঘুমন্ত রাজধানী। ৬.৮ মাত্রার ভূমিকম্পে ঘুমিয়ে থাকা মানুষজন যে যার মত রাস্তায় এসে আশ্রয় নেয়।
পুরনো ঢাকার শাঁখারি বাজারের ৬২ নম্বর বাড়ির নীচতলায় বড় আকারের ফাঁটল দেখা দেয়। এ সময় বাড়ির লোকজন দ্রুত নীচে নেমে আসে। স্থানীয় বাসিন্দা বলেন, ভূমিকম্পের ফলে আমি পড়ে গিয়েছিলাম। ভাবলাম আমার শারীরীক দূর্বলতা কিন্ত পরে দেখি সবাই নামতেছে। পরে ছেলেকে থাবা দিয়ে বলি এই চল নিচে নামি ভূমিকম্প হইতেছে।
ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানায় এলাকাবাসী। তারা বলেন, সরকার হেরিটেজের নামে এগুলোর কোন সংরক্ষণ করছেন না।
এর চেয়ে বড় মাত্রার ভূমিকম্প হলে শাঁখারি বাজারের অনেক বাড়ি ধসে অধিক সংখ্যক প্রাণহানির আশংকার কথা জানান এলাকাবাসী ।






