ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলের কাছাকাছি শরণার্থীসহ নৌকাডুবিতে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে অনেকেই ছিল শিশু।
শনিবার যাত্রী বোঝাই দু’টো ছোট নৌকা ইউরোপের উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করার সময় একটি ডুবে গেলে এই ঘটনা ঘটে। ডুবে যাওয়া নৌকার ৬০ জনকে লিবিয়ান কোস্টগার্ড পানি থেকে জীবিত উদ্ধার করে। আরও ১৪০ জনকে দ্বিতীয় নৌকা থেকে উঠিয়ে আনা হয়।
লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের সমুদ্র তীরবর্তী শহর গারাবুলির উপকূল থেকে কিছু দূরে নৌকাডুবির ঘটনাটি ঘটে। লিবিয়ার কোস্টগার্ডের কর্নেল আবু আজালা আবদেল বারি বিবিসি’কে বলেন, ‘প্রথম ডিঙিটা হঠাৎ করেই ডুবতে শুরু করে। আমরা কাছে পৌঁছানোর আগেই সেটা পুরোপুরি ডুবে যায়।’
সাহায্যের সংকেত পেয়েই বিপদগ্রস্ত নৌকা খুঁজতে কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়েছিল বলে জানান আবদেল বারি। কোস্টগার্ড গিয়ে কয়েকজনকে ডিঙির অবশিষ্ট অংশ ধরে ভেসে থাকতে দেখেন।
মৃতদেহ উদ্ধার করে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়বাকিরা ডুবে গিয়েছিল। উদ্ধার করাদের ত্রিপোলির নৌঘাঁটিতে নেয়া হয়েছে।
অন্যান্য সময়ের তুলনায় আবহাওয়া শান্ত থাকায় সম্প্রতি নৌকায় করে লিবিয়া থেকে ইউরোপে যাত্রা করা অবৈধ অভিবাসীর সংখ্যা বেড়েছে। গত বৃহস্পতিবার লিবিয়ান কোস্টগার্ড আড়াইশ’ শরণার্থীকে উদ্ধার করেছিল। এর আগে মঙ্গলবার ইটালির কোস্টগার্ড জানিয়েছিল, তারা এগারশ’র মতো মানুষকে ভূমধ্যসাগর থেকে একসঙ্গে উদ্ধার করেছে।







