ভূমধ্যসাগরে বৃহস্পতিবার পাঁচশ’রও বেশি অভিবাসী নিয়ে দুই নৌকাডুবির ঘটনায় দেড়শ’রও বেশি মরদেহ উদ্ধার হলেও এখনও অনেকেরই সন্ধান পাওয়া যায়নি। মরদেহগুলো এখনও লিবিয়া কর্তৃপক্ষের কাছে রয়েছে।
এই মরদেহগুলোর মধ্যে সর্বমোট কতজন বাংলাদেশী রয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর আগে ২৪ জন বাংলাদেশীর মৃত্যুর কথা নিশ্চিত করেছিলো লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস।
অন্যদিকে অস্ট্রিয়ার সীমান্তে একটি পরিত্যক্ত লরি থেকে ৭১ জন অভিবাসীর মরদেহ উদ্ধারের ঘটনার পর মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে আরো একজনকে গ্রেফতার করেছে হাঙ্গেরি পুলিশ। এনিয়ে ওই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
ওদিকে পরিত্যক্ত লরি থেকে উদ্ধার গুরুতর অসুস্থ তিন সিরীয় শিশু ও তাদের পরিবার হাসপাতাল থেকে নিখোঁজ হয়েছে।
ইউরোপে ক্রমবর্ধমান অভিবাসী সংকট মোকাবিলায় বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার জন্য আগামী দুই সপ্তাহের মধ্যে একটি জরুরি বৈঠক আহ্বান করেছে ইউরোপীয় ইউনিয়ন।







