‘ভিয়েতনামের হো চি মিন সিটিতে সবার করোনা পরীক্ষা করা হবে’

A man in uniform sanitizes his hands at a health awareness event with a cartoon Buddha figure in the background. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিয়েতনামে করোনার নতুন ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়ায় দেশটির হো চি মিন শহরের সব মানুষের করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে দেশটির সরকার।
এছাড়া নতুনভাবে সামাজিক দূরত্বের ব্যবস্থা করে কোভিড মোকাবেলা করা হবে বলেও জানিয়েছে ভিয়েতনাম।
বিশেষজ্ঞের দাবি, নতুন এই ভ্যারিয়েন্টটি আরও বেশি মাত্রায় সংক্রমণের ক্ষমতা রাখে। সেই সঙ্গে বাতাসে ছড়িয়ে পড়ছে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। এর ফলে সম্প্রতি ভিয়েতনামে প্রচুর সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
এরই মধ্যে ভিয়েতনামের হ্যানয়, হো চি মিন সিটি সহ বেশ কিছু শহরে করোনার নতুন এই ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়েছে। সেটি ভারত ও ব্রিটেনে পাওয়া করোনার স্ট্রেনের সমন্বয়ে তৈরি। এই ভ্যারিয়েন্টটি খুব তাড়াতাড়ি বাতাসে ছড়িয়ে পড়তে পারে ও বহু মানুষকে সংক্রমিত করতে পারে।
ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী নুয়েন থান জানান: নতুন এই করোনাভাইরাস গলায় লালারসের মধ্যে আটকে থাকে ও খুব দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ে। আশেপাশের পরিবেশে ভেসে বেড়াতে পারে। এখনও পর্যন্ত কতজন এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন, সেই বিষয়টি অবশ্য স্পষ্ট নয়। তবে খুব শিগগিরই এ বিষয়ে সরকারিভাবে তথ্য পেশ করা হবে।






