ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়কে নিজের অধিনায়কত্বের ক্যারিয়ারে সেরা অর্জন বলে মনে করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি। শুধু তাই নয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই জয় অন্যতম সেরা সাফল্য বলে স্বীকৃতি দিয়েছেন নড়াইল এক্সপ্রেস।
আর ভারতীয় তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না দাবি করেছেন, হেরে গেলেও তার দল এই সিরিজ থেকে আগামীর জন্য পেয়েছে অনেক কিছু। টাইগার পেসার মুস্তাফিজুরের দূর্ধর্ষ বোলিংকে ওয়ানডে সিরিজ নির্ধারক হিসাবেও মনে করছেন তিনি।
১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নেতৃত্বের বয়স ৬ বছর। ২২ ওয়ানডে ম্যাচে ১৫ বার দলকে জিতিয়ে শতকরা ৬৮ ভাগ জয় নিয়ে বাংলাদেশ অধিনায়কদের তালিকায় সবার মাশরাফি। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও আইসিসি র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা ভারতের বিপক্ষে সিরিজ জয়কেই মানছেন ক্যারিয়ারের সেরা অর্জন।
মাশরাফি বলেন, ‘বাংলাদেশ যতগুলো সিরিজ জিতেছে তার মধ্যে এটা অন্যতম সেরা। ভারত গত বিশ্বকাপে যে দলটা নিয়ে খেলেছে, সেটা নিয়েই এসেছে। আমরা যেভাবে ভালো খেলেছি সেটা অসাধারণ।’
প্রতিপক্ষের অধিনায়ক ধোনির কাছে সিরিজ সেরা পারফরমার মুস্তাফিজের জন্য ব্যাট কিংবা আইপিএল খেলার সুযোগ চাওয়া সংক্রান্ত ভারতীয় মিডিয়ার প্রচার নাকচ করেছেন টাইগার অধিনায়ক। শেষ ম্যাচে টস জিতেও ফিল্ডিং নেওয়ার কৈফিয়তও দিয়েছেন তিনি।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মুস্তাফিজ যেভাবে বোলিং করেছে, ওর যদি সামর্থ্য থাকে তাতে ওকে এমনিতেই নেওয়া হবে। ও তো যেকোনো জায়গাতেই খেলার যোগ্যতা রাখে। আসলে কারো রুমে যাওয়া হয়নি। ফিল্ডিংটা নেয়ার কারণ ছিলো বৃষ্টি। বৃষ্টি আইনে পরে ব্যাট করলে সব সময় সুবিধা হয়।’
শেষ ম্যাচ হোয়াইটওয়াশের লজ্জা থেকে বেঁচেছে টিম-ইন্ডিয়া। তবে শেষ ম্যাচের সেরা পারফরমার রায়নার কন্ঠে দরাজ প্রশংসা। এবারের এই সিরিজ ভারতীয় দলের ভবিষ্যতের জন্য বড় শিক্ষা।
সুরেশ রায়না বলেন, ‘আমরা সিরিজটা হারলেও এই সিরিজ থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। এই সিরিজটা ভারতীয় দলের ভবিষ্যতের জন্য একটা বড় শিক্ষা।’
আগামী ৫ জুলাই হোম অফ ক্রিকেটে টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সাউথ আফ্রিকার সঙ্গে পূর্নাঙ্গ হোম সিরিজ। ৩০জুন ঢাকায় পা রাখছে সাউথ আফ্রিকা। দুই একদিনের মধ্যেই শুরু হচ্ছে সেই সিরিজের টাইগারদের প্রস্তুতি।






