কলম্বো থেকে: ভারতের জন্য যে পরিকল্পনা ছিল বাংলাদেশের জন্যও সেই পরিকল্পনা নিয়ে মাঠে নামবে শ্রীলঙ্কা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার পেস বোলিং কোচ রুমেশ রত্নায়েকে বলেন, সামনের ম্যাচের জন্য তাদের আলাদা কোনো পরিকল্পনা নেই।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। স্বাগতিকরা নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়ে দেয়। বাংলাদেশ আবার সেই ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে।
পরের ম্যাচ প্রসঙ্গে লঙ্কান কোচ বলেন, ‘আমরা প্রস্তুত। অন্য দলের মতো এক সঙ্গে বসেছি, আলোচনা করেছি। পরিকল্পনা করেছি। ভারতের মতো বাংলাদেশের বিপক্ষেও একই পরিকল্পনা। একই প্রস্তুতি।’
যে দলটি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হেরেছে, চার মাস বাদে তাদের চেহারাই অন্যরকম। লঙ্কানদের এমন সাফল্যের রহস্যের কথা বলতে গিয়ে রুমেশ বলেন, ‘‘আমাদের দলে অনেক প্রতিভা আছে। হাথুরুসিংহে কোচ হয়ে আসার পর প্রায় প্রত্যেকটা বিভাগে হাত দেন। ছেলেদের মানসিকতায় তিনি বড় পরিবর্তন আনেন। তারা স্মার্টলি যা করতে পারে, তা তিনি করতে দিয়েছেন। যে যা করতে ব্যর্থ হয়েছে, তা দেখার পর তিনি বলেছেন, ‘ওকে পরের ম্যাচে এটা এভাবে কর।’ পুরোটাই বুদ্ধিমত্তার জায়গা।’’
আরও পড়ুন: ‘জিততে হলে ১৭০ থেকে ১৮০ করতে হবে’।








