বাংলাদেশ-ভারত নৌ প্রটোকলের আওতায় ট্রান্স শিপমেন্ট কার্যক্রমের উদ্বোধন করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
ভারত থেকে ১ হাজার টনের রড নিয়ে একটি জাহাজ আজ রাত ৮টায় আশুগঞ্জে পৌঁছবে। সেখান থেকে রড খালাস করে ট্রাকে করে আগরতলা যাবে।
প্রটোকলের আওতায় বাংলাদেশের শেরপুর ও আশুগঞ্জ থেকে ট্রান্সশিপমেন্টের জন্য নৌযান হতে ট্রাক বা ট্রেইলার ট্রান্সশিপমেন্টের কার্যক্রম কাষ্টমস ও বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের তত্ত্বাবধানে হবে।
সে ক্ষেত্রে বিআইডব্লিউটিএর তদরকি কার্যক্রম চার্জ হিসাবে প্রতি মেট্রিক টন পণ্যের জন্য ১০ টাকা আরোপ করা হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘লাইভ সাইকেল কষ্ট রিকভারি এ্যাপরোচ’ অনুযায়ী পণ্য পরিবহনের লক্ষ্যে প্রতিটন প্রতি কিলোমিটার হিসাবে ১ টাকা ২৪ পয়সা মাশুল বা চার্জ নির্ধারণ করা হয়েছে। আর জাতীয় রাজস্ব বোর্ড সার্ভিস চার্জ ১শ’ ৩০ টাকাসহ সর্বমোট ১৯২ টাকা ২২ পয়সা নির্ধারণ করে।
আশুগঞ্জ থেকে মাল খালাসসহ ভারতের আগরতলা পর্যন্ত মাল যাবে। এছাড়া নিরাপত্তা রক্ষী নিয়ে গেলে অতিরিক্ত প্রতি টন ৫০ টাকা চার্জ দিতে হবে।






