ভারতে লকডাউন উপেক্ষা করে পুলিশের ওপর হামলা

ভারতে লকডাউন উপেক্ষা করে পুলিশের ওপর হামলার ছবি, পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতের পাঞ্জাবে লকডাউন উপেক্ষা করে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। পাঞ্জাবের পাতিয়ালা জেলার একটি সবজি বাজারে কতিপয় শিখ (নিহং) এ হামলা চালায়।
করোনাভাইরাস পরিস্থিতিতে তাদের অতর্কিত হামলায় তিনজন পুলিশ অফিসার আহত হয়েছেন।
এনডিটিভি জানায়, রোববার সকালে আকস্মিকভাবে লকডাউন থাকা স্বত্ত্বেও একটি গাড়ি বাজারের মধ্যে ঢুকে পড়ে। গাড়ি থেকে নেমে হামলাকারীরা প্রথমে এক পুলিশ কর্মকর্তার হাত কেটে ফেলে এবং আরও দুইজন কর্মকর্তাকে আহত করে। তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় পুলিশ কর্মকর্তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পাঞ্জাব পুলিশ এক টুুইট বার্তায় জানায়, নিহংদের একটি দল পাতিয়ালার সাবজি বাজারে কয়েকজন পুলিশ অফিসারকে আহত করেছে। তাদের মধ্যে এএসআই হরজিৎ সিং যার হাত কাটা পড়েছিল তাকে চণ্ডীগড়ে হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে করোনাভাইরাস বিস্তার রোধে ভারতজুড়ে ২১ দিনের লকডাউন ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও আরও দুই সপ্তাহ লকডাউন বাড়ানোর ব্যাপারে একমত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদির এ সিদ্ধান্তের প্রশংসা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।






