এবি ডি’ভিলিয়ার্সের পর ইনজুরির কারণে ফ্যাফ ডু প্লেসিসকেও হারাল সাউথ আফ্রিকা। এবি’কে তিন ম্যাচের জন্য হলেও প্লেসিসকে পুরো ওয়ানডে সিরিজের জন্যই হারিয়ে এখন বিপদে প্রোটিয়ারা।
কোহলিদের বিপক্ষে বাকি পাঁচ ওয়ানডে ও তিন ম্যাচের টি-টুয়েন্টি খেলতে পারবেন না স্বাগতিক অধিনায়ক।
আঙ্গুলের ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেলেন প্লেসিস। ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে জানিয়েছে, তিন থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ডু প্লেসিসকে। ফলে ১ মার্চ থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া চার ম্যাচ টেস্ট সিরিজের শুরুতেও অধিনায়ককে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ডু প্লেসিসের জায়গায় দলে ডাকা হয়েছে ব্যাটসম্যান ফারহান বেহারদিনকে। এর আগে ডি’ভিলিয়ার্সের জায়গায় ডাকা হয় উইকেটকিপার ব্যাটসম্যান হেইনরিচ কালাসেনকে।
ভিলিয়ার্সও ডু প্লেসিসের মত আঙ্গুলের ইনজুরি সমস্যায় ভুগছেন। কাকতালীয় হলেও সত্য, দুজনেই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির ক্যাচ নিতে গিয়ে ইনজুরিতে পড়েন। এই দুজন ইনজুরিতে থাকায় প্রোটিয়াদের নেতৃত্ব কে দেবেন সেটা এখনও ঠিক হয়নি। তবে হাশিম আমলা অথবা জেপি ডুমিনির মধ্য একজনকে বেছে নিয়ে পারে সিএসএ।
ডু প্লেসিসের সেঞ্চুরির পরও ছয় ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরেছে সাউথ আফ্রিকা। সিরিজে আরও পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ বাকি। তবে শেষ দুই ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে এবি ফিরলে কিছুটা স্বস্তি পাবে প্রোটিয়ারা।











