পাকিস্তান সিরিজের টিম-স্পিরিট, পারফরম্যান্স এবং প্রাপ্ত আত্মবিশ্বাস অটুট রাখতে পারলে ভারতের বিপক্ষেও দাপট দেখানো সম্ভব বলে মনে করছেন টেষ্ট অধিনায়ক মুশফিকুর রহিম। নিজের ক্যাপ্টেন্সি নিয়ে বোর্ড সভাপতির বক্তব্যের জবাবে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না তিনি। তবে কথা বলতে চান হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে।
টেষ্ট কিংবা ওডিআই- গত দু’বছর বাংলাদেশের ক্রিকেটে সবচে ধারাবাহিক মুশফিকুর রহিমের ব্যাট। ২২ গজে অসামান্য ধারাবাহিকতার কারণেই টিম-টাইগার্সে মুশির নাম হয়েছে ‘মিষ্টার ডিপেন্ডেবল’।
সে কারণেই বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড স্যামসাং বেছে নিয়েছে তাকে। এখন থেকে মুশফিকুর রহিমই বাংলাদেশে স্যামসাংয়ের ব্র্যান্ড-অ্যাম্বেসেডর।
স্যামসাংয়ের প্রচারণার দায়িত্ব নিলেও মুশফিক জানেন, তার আসল দায়িত্ব মাঠে। ভারতের বিপক্ষে টেষ্ট দিয়ে সিরিজ শুরু ১০ জুন। পাকিস্তানের বিপক্ষে শেষ টেষ্টে ব্যর্থতার জন্য আঙ্গুল উঠেছিলো ক্যাপ্টেন মুশফিকের ফিল্ডিংয়ের সিদ্ধান্তে। এ নিয়ে পরে বোর্ড প্রেসিডেন্ট বলে দিয়েছিলেন, ক্যাপ্টেন্সিকে চাপ মনে করলে নিজের মতো সিদ্ধান্ত নিতে পারেন মুশফিক।
ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের আগে ইনজুরিও কিছুটা অস্বস্তিতে রেখেছে মুশফিককে। তবে সময়মতো সব ঠিকঠাক থাকবে বলে মনে করছেন অধিনায়ক।
এক টেষ্ট এবং ৩ ওয়ানডের সিরিজ খেলতে ৭জুন ঢাকায় আসবে ইন্ডিয়ান ক্রিকেট টিম। ফতুল্লায় টেষ্টের পর ৩টি ওয়ানডেই হবে মিরপুরে।







