ভারতের অ্যামনেস্টি’র সাবেক প্রধান আকর প্যাটেলকে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের অনুমতি দিয়েছে দিল্লীর আদালত। শুধু তাই নয়, তার বিরুদ্ধে লুকআউট (নজরদারি) নোটিশ প্রত্যাহারের জন্যও সিবিআইকে আদালত নির্দেশ দিয়েছে।
এবং যেহেতু সিবিআইয়ের জন্য বিমানে উঠতে পারেননি আকর প্যাটেল। তার বিমানের টিকিট কাটতে খরচ বাবদ ৩ লক্ষ ৮০ হাজার টাকাও সিবিআই অফিসারদের দেওয়ার নির্দেশ দিয়েছে।
একইসঙ্গে, সিবিআই ডিরেক্টরকে লিখিতভাবে আকর প্যাটেলের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে আদালত। উভয়পক্ষের বক্তব্য শোনার পরই আদালত সিবিআইকে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে।
তবে নিজস্ব সূত্রের বরাত দিয়ে এনডিটভি জানায়, আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করবে সিবিআই।
মার্কিন যুক্তরাষ্ট্র’র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাবেক এ অ্যামনেস্টি প্রধানের বক্তৃতা দেওয়ার কথা আছে। সেই জন্যেই তিনি ব্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার সেখানে যাচ্ছিলেন। সেই সময় সিবিআই তাকে বাধা দেয়।
আকর প্যাটেলকে জানানো হয়, তার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি আছে। ২০১৯ সালে অ্যামনেস্টির বিরুদ্ধে একটি মামলায় এই সার্কুলার জারি করা হয়েছে। সেই সময় আকর প্যাটেলই অ্যামনেস্টি ইন্ডিয়ার প্রধান ছিলেন।







